Saturday, September 12, 2026

"জ্বালানি-বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের গভীর উদ্বেগ; অটোরিকশা সমস্যার সমাধান এবং স্থানীয় সরকার নির্বাচনে জামানত বৃদ্ধি বাতিলের দাবি"


ঢাকা: বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির বর্ধিত সভার প্রথম দিন আজ ৪ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জাতীয় জীবনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় এবং সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়।

বর্ধিত সভার ১ম দিনের আলোচনার দলের সভাপতি হাসনাত কাইয়ূম সহ জাতীয় নেতৃবৃন্দ দেশের বর্তমান অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং দিন দিন অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুম-খুনের ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। জনজীবনের নিরাপত্তা বিধান ও নিত্যপ্রয়োজনীয় সেবা সুনিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

লাখ লাখ মানুষের জীবিকা এবং বিকল্প পরিবহন ব্যবস্থার কথা বিবেচনা করে অটোরিকশা সংকটের একটি যৌক্তিক, মানবিক ও সর্বজনগ্রহণযোগ্য সমাধানের দাবি সভায় জানানো হয়। একইসাথে দেশের গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ও মানোন্নয়নে বাস্তবমুখী ও দৃশ্যমান পরিবর্তনের জোর দাবি তোলেন হাসনাত কাইয়ূম। 

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও গণবিরোধী আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানানো হয়। সাধারণ ও নিম্নবিত্ত জনগণের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের পথ রুদ্ধ করার এই চক্রান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জামানতের পরিমাণ সর্বোচ্চ ৫ হাজার টাকা করার জোর দাবি জানান হাসনাত কাইয়ূম।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় দেশজুড়ে আগত নির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন। বর্ধিত সভা আগামীকালও অব্যাহত থাকবে।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like